অংশীদারিত্ব এগিয়ে নেবে সম্পর্ক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও জাপান সামনের দিকে এগিয়ে যাবে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সম্মানে শনিবার রাতে সোনারগাঁও হোটেলে নৈশভোজে বক্তৃতায় একথা বলেন তিনি।
দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর এই নৈশভোজে শেখ হাসিনা বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।
শীর্ষ বৈঠকে বাংলাদেশ জাপানের সমর্থনে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে জাপান বাংলাদেশকে আগামী কয়েক বছরে ৬০০ কোটি ডলার সহায়তা দেয়ার পাশাপাশি সাগরকেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
শেখ হাসিনা বলেন, “সমন্বিত অংশীদারিত্ব নীতির ওপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
“আমরা দু’দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছি। পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।”
নৈশভোজে শিনজো আবের সফরসঙ্গীরা ছাড়াও বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৈশভোজের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা চলতি বছরের মে মাসে জাপান সফর করেন। তার সফরের ‘অতি অল্প’ সময়ের মধ্যে শিনজো আবের বাংলাদেশ সফরে আনন্দ প্রকাশ করেন শেখ হাসিনা।
জাপান সফরকালে উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন শেখ হাসিনা।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠায় জাপান বিশ্বস্ত ও সক্রিয় অংশীদার হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী নিজের বিশ্বাসের কথা তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, “আমরা জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে কাজ করছি। যেখানে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ও জাপান একযোগে কাজ করে যাচ্ছে উল্লেখ করে জাতিসংঘ শান্তিমিশন এবং শান্তিস্থাপন কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।
শিনজো আবের নেতৃত্বে আগামীতে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং সুসম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলেও আশাপ্রকাশ করেন শেখ হাসিনা।
নৈশভোজের আগে সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন শিনজো আবে।
দুই দিনের সফরে ঢাকায় আসা শিনজো আবের রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
