২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী

নীলফামারীর ডোমারে অপহরণের তিন মাসেও উদ্ধার হয়নি এক কলেজ ছাত্রী। এ ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন মেয়েটির পরিবারের সদস্যরা।

বিজয় চক্রবর্তী কাজল

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

চলতি বছরের ১১ জুন সকালে কলেজে যাওয়ার পথে উপজেলার চেয়াম্যান পাড়া থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ১৮ জুলাই স্থানীয় বাসিন্দা শাওনকে (২০) প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি অপহরণ মামলা করেন ওই ছাত্রীর বাবা (পরিচয় প্রকাশ করা হলো না)।

অপহরণকারীদের সঙ্গে পুলিশের সখ্যতার অভিযোগ করে তিনি বলেন, অপহরণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয়তায় দুই মাসেও মেয়েকে উদ্ধার করা যায়নি।

অপহরণকারীরা ৫০ হাজার টাকা চাঁদা ও মামলা তুলে নেয়ার জন্য তাকে হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, “আমি সবেমাত্র যোগদান করেছি। তবে শুনেছি তিন দিন আগে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই মিজানুর রহমানের জানান, পুলিশের বিরুদ্ধে মামলার বাদী যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

“মামলার আট আসামির মধ্যে গত ৩০ অগাস্ট শাওনের বাবা ছাইদুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, গত ১১ জুন সকাল ৮টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে গ্রামের চেয়াম্যান পাড়া এলাকায় বখাটে শাওন ও তার সহযোগীরা মেয়েটির পথরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

‘বখাটে’ শাওন ও তারসহযোগীরা আগে থেকেই কলেজ যাওয়া আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত বলেও মামলায় অভিযোগ করা হয়।