২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে খন্দকারকে ক্ষমা চাইতে বললেন নাসিম

স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এবার এ কে খন্দকারকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

শনিবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা বলেন।

গত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ গ্রন্থে দাবি করা হয় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।

প্রথমা থেকে প্রকাশিত বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান বীরোত্তম এ কে খন্দকারের এ বইটির প্রকাশনা উৎসব হয় বুধবার।

এ বই নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যদের তীব্র সমালোচনা হয় গত বৃহস্পতিবার। এরপর শুক্রবার কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হনিফ এক বক্তব্যে খন্দকারকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

নাসিম বলেন, তার (খন্দকার) প্রকাশিত বইয়ে কিছু উক্তি লিখে বিরোধীদের হাতে সমালোচনা করার অস্ত্র তুলে দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক।

“বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পর আমার পিতা ক্যাপ্টেন মনসুর আলী প্রধানমন্ত্রী হিসেবে এ কে খন্দকারকে হত্যাকারীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেছিলেন। কিন্ত তিনি তা না করে খুনিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন।”

তারপরও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব দিয়ে সম্মানিত করেছিলেন। কিন্ত আজ সেই এ কে খন্দকার বই প্রকাশের নামে দেশের স্বাধীনতার ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত ও ইতিহাস বিকৃতি করছেন।

“এ ভুলের জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে,” বলেন নাসিম।

তিনি আরো বলেন, “বয়সের কারণে হয়ত এ কে খন্দকারের ভিমরতি ধরেছে। তাই আবোল তাবোল বলছেন। আর বিএনপির আন্দোলনের কোনো ইস্যু না থাকায় ওই লেখা নিয়ে তারা রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছেন।

“তাদের মনে রাখতে হবে, কে কী বলল তাতে জাতির কিছু যায়-আসে না। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতি জানে। সেটাকে কোনোদিনও বিকৃত করা যাবে না।”

পৌর আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানী প্রমুখ বক্তব্য রাখেন।

</div>  </p>