চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে হিন্দুসম্পত্তি দখল
চট্টগ্রামের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ‘আত্মীয়’ পরিচয় দিয়ে এক হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই পরিবারের সদস্য রত্না বালা প্রজাপতি বলেন, “মুক্তিযুদ্ধের আগে মুরাদপুরে পশ্চিম ষোলশহর রেল গেট এলাকায় মোট ১৭ গণ্ডা জমি পৈত্রিক সূত্রে বণ্টন নামা অনুসারে আমি পাই।
“পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর মৌজার বি. এস ১৪১০ নম্বর খতিয়ানের অর্পিত ‘খ’ তফসিলভুক্ত ১৫০০৪, ১৫০০৫, ১৫০০৬, ১৫১২৮ এবং ১৫১৩০ নম্বর দাগের জামির মালিক আমি।”
যুদ্ধের সময় এলাকা ছাড়ার পর ফিরে এসে তারা দেখেন বসত বাড়ি ছাড়া বাকি সাড়ে ১৩ গণ্ডা জমি দখল হয়ে গেছে।
রত্মা বালা বলেন, “ফিরে এসে আমরা দেখি স্থানীয় জামালউদ্দিন, কামাল উদ্দিন ও মহিউদ্দিন নামের তিন ভাই ওই জমি দখল করে মোটর পার্টসের গ্যারেজ নির্মাণ করেছে।”
ওই তিন ভাই এলাকায় ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত অভিযোগ করে তিনি বলেন, “তারা আমার একমাত্র ছেলেকে অপহরণ করে গুম করার হুমকি দিয়েছে। হুমকির ঘটনায় পাঁচলাইশ থানায় গত ১০ জুলাই ও সর্বশেষ ১ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেছি।
“দখলকারীরা নিজেদের সরকারি দলের লোক পরিচয় দিয়ে বলে- ভূমি প্রতিমন্ত্রী আমাদের আত্মীয়। মুরাদপুরে সবাই আমাদের হাতে। এ জমি তোমরা কখনোই পাবে না।”
রত্মা বালার মেয়ে দেবী চৌধুরী বলেন, “দখলকারীরা বলে- তোমরা হিন্দু। তোমাদের জমি কুমিরের পেটে। বেশি কিছু করলে ক্ষতি হবে। এসি ল্যাণ্ড (ভূমি) অফিসে বারবার খাজনা দেয়ার আবেদন করেও কোনো সাড়া পাইনি। কোথাও সহযোগিতা পাচ্ছি না।”
ওই পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
