২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় চতুর্থ দিনের মতো রো রো ফেরি বন্ধ

মাওয়ায় নদী ভাঙনে ফেরি ঘাট পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় চারদিন ধরে ওই রুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:37 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো রো রো ফেরি বন্ধ থাকায় পদ্মার দুই পাড়ে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় চারশ’ যান।

দেশের প্রধান এই ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে কম ধারণ ক্ষমতার ১০টি ফেরি দিয়ে।গত ১৯ অগাস্ট থেকে নদী ভাঙন ও  স্রোতের কারণে এই ফেরি সার্ভিস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা ১৭দিন ধরে ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, মাওয়া তিন নম্বর নতুন রো রো ফেরি ঘাটটি আগের ঘাটের একশ’ ফুট পূর্বে স্থাপনের কাজ চলছে। সন্ধ্যা নাগাদ ঘাটটি সচল হতে পারে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরপরই রো রো ফেরি চলাচল আবার শুরু হবে জানিয়ে তিনি বলেন, তবে উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত সঙ্কট পুরোপুরি কাটছে না। কে-টাইপ ফেরি ‘কলমীলতা’ মাওয়া ফেরি বহরে যুক্ত হওয়ায় বুধবার রাতেও ১০টি ফেরি চলাচল করায় যানজট কিছুটা কমেছে। চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুট থেকে বুধবার বিকালে এটি নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, ঘাটের অভাবে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আমানত শাহ ও শাহ আলী এবং টানা জাহাজের (আইটি) অভাবে বন্ধ রয়েছে ফেরি লেন্টিং। এছাড়া পদ্মায় প্রবল স্রোতের কারণে চলতে পারছে না ঢাকা ও কর্ণফুলী। আর ফেরি রামশ্রীকে মেরামতের জন্য নেয়া হয়েছে।

বর্তমানে টানা ফেরি থোবাল, রানীগঞ্জ, রানীক্ষেত, রায়পুরা ও টাপলু, কে-টাইপ ফেরি কলমীলতা, করবী, কেতকি ও কাকলী এবং মাঝারি ফেরি ফরিদপুর দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। কিন্তু এ ফেরিগুলো স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে স্বাভাবিকভাবে চলতে পারছে না।

স্রোতের কারণে কাওড়াকান্দি থেকে মাওয়ায় আসতে সময় অপেক্ষাকৃত বেশি লাগছে বলেও জানান তিনি।