২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর তেজগাঁও থেকে অপহৃত ছয় বছরের এক শিশুকে গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহৃতের বড় ভাইয়ের এক সহপাঠীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 11:49 AM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন থেকে অপহৃত ছয় বছরের আবু সোহাব রিফাতকে উদ্ধার করে শাহ আলম নামে একজনকে পুলিশে দেয় জনতা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সাব্বির ও ইব্রাহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

রিফাত রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার সৌদি প্রবাসী আব্দুর রহমানের ছেলে। গ্রেপ্তারদের মধ্যে শাহ আলম ও সাব্বিরও তেজগাঁওয়ের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ পরিদর্শক কাশেম বলেন, বুধবার বেলা ১১টার দিকে তেজকুনিপাড়ার বাসার সামনে থেকে শিশু রিফাতকে কৌশলে নিয়ে যায় সাব্বির। পরে তাকে অচেতন করে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেসে চড়ে ময়মনসিংহের দিকে রওনা দেয় শাহ আলম।

পথে জয়দেবপুর জংশন পেরোনোর পর শিশুটি জেগে বাবা-মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে ট্রেনের যাত্রীদের সন্দেহ হলে তারা আলমকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ট্রেন শ্রীপুর রেলস্টেশনে পৌঁছলে আলম ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাত্রী ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং আলমকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে তুলে দেয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে বাকি দুজনকে তেজকুনিপাড়া থেকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। 

রাতেই রিফাতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক কাশেম।

এ ঘটনায় শিশুটির মা হালিমা খাতুন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছেন।