২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন বুধবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

বর্তমান সরকারের প্রশংসা করে লি জুন বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের পারস্পরিক, সহযোগিতাপূর্ণ এবং স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি চীনা বিনিয়োগ এসেছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।

এ সময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলেও তিনি আশা করছেন।

পাশাপাশি বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।

সাক্ষাৎকালে চীনের বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, ১৯৫২ এবং ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের ডায়েরি চীনা ভাষায় প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিজেদের ভাষায় প্রকাশ করার ইচ্ছার কথাও লি জুন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।