২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রণালয়ের নাম বদল

আন্তর্জাতিক পর্যায়ে জটিলতা এড়াতে যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের নাম পরিবর্তন করল সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 01:01 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

যোগাযোগ মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব কমিউনিকেশন) নতুন নাম হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস)।

আর এ মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগের (রোড ডিভিশন)নাম দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন)

বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নাম পরিবর্তনের এই আদেশ দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত নাম নিয়ে দেশ ও বিদেশের বিভ্রান্তি দূর করার জন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। নতুন এ নামের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ যথাযথভাবে প্রতিফলিত হবে।”

সচিব জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব কমিউনিকেশনস হওয়ায় বিদেশিদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেকে রেল ও নৌ যোগাযোগ কিংবা তথ্যপ্রযুক্তি খাতকে এ মন্ত্রণালয়ের আওতাধীন মনে করে যোগাযোগ করে। আবার কেউ কেউ এ মন্ত্রণালয়কে সরকারের জনসংযোগ দপ্তর ভেবেও ভুল করেন।

এ বিড়ম্বনা কাটাতেই সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বলে জানান সচিব।

নাম পরিবর্তনের কাজ শেষ করতে দুই-একদিন সময় লাগবে এবং এজন্য সামান্য খরচ হবে বলে এম এ এন ছিদ্দিক জানান।

সড়ক, সেতু ও রেলপথ বিভাগের সমন্বয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে সরকার। তবে ২০১১ সালের ৪ ডিসেম্বর রেল বিভাগকে আলাদা করে রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।