২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরগুনার তালতলী থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 04:54 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ওই কিশোরী (১৬, নাম প্রকাশ করা হলো না) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার অভিযোগ দাখিলের কথা স্বীকার করে বলেন, বিচারক ছুটিতে থাকায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

অভিযোগের অন্য আসামি হলেন, বড়বগী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন।

বাদী অভিযোগে উল্লেখ করেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন তাকে তালতলী থানার ওসির বাসায় গৃহপরিচারিকার কাজে দিয়েছিলেন। ওসি বিভিন্ন সময় তাকে অবৈধ মেলামেশার প্রস্তাব দিলে তাতে রাজি হননি তিনি।

গত ৬ অগাস্ট সকালে যথাসময়ে কাজে গেলে স্ত্রীর অনুপস্থিতিতে ওসি তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা করেন।

বাদীর ডাক-চিৎকারে লোকজন উপস্থিত হলে এ চেষ্টা ব্যর্থ হয়। অভিযোগে ওই সময় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।

পরে এ ব্যাপারে মামলা না করার জন্য বাদী ও তার বাবাকে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অস্ত্রের মুখে তিনটি ফাঁকা (অলিখিত) ননজুডিশিয়াল স্ট্যাম্পে আসামিরা তাদের স্বাক্ষর নেয়, অভিযোগ বাদীর।

তালতলী থানার ওসি মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “বাদীকে আমি আদৌ চিনি না। কোনোদিনই সে আমার বাসায় গৃহপরিচারিকা ছিল না।”

“আমি স্ত্রী, সন্তান ও আমার বৃদ্ধা মাকে নিয়ে এখানে বসবাস করি।”

ওসির দাবি, মেয়েটির বাবা মজিবর রহমান থানায় মাঝি হিসেবে কাজ করেন। মজিবর ইতোপূর্বে ওসির বাসায় চুরি করায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ জন্য তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দায়েরের চেষ্টা হচ্ছে।