চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ
চট্টগ্রাম নগরীরতে শনিবার থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।
সোমবার সিএমপি সদর দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বিআরটিএ, জেলা প্রশাসন ও সিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) হাছান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অগাস্ট রোববার থেকে চসিক, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ব্যাটারিচালিত রিকশা আটক ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
৩১ অগাস্টের আগে রিকশাচালক ও মালিকদের ব্যাটারি ও মোটর খুলে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে রিকশা চালানোরও নির্দেশনা দেয়া হয়।
প্রথমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ অগাস্ট থেকে নিষিদ্ধের কথা জানানো হলেও পরে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ৩১ অগাস্টের কথা জানায়।
