দেওয়ানগঞ্জের নতুন মেয়র নুরুন নবী
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নবী অপু মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ মোহাম্মদ নুরুন নবী অপু ১০ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী শাহ নেওয়াজ শাহেন শাহ পেয়েছেন ছয় হাজার ২৪০ ভোট।
নির্বাচনে কারচুপি, অনিয়ম ও প্রশাসনের সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম মুসা নির্বাচন বয়কট করেছেন।
রোববার দুপুরে পৌর এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কে এম মুসা নির্বাচনে ব্যাপক কারচুপি, জাল ভোট প্রদান, বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে সীল মারা ও বিএনপির সমর্থক ভোটারদের মারধরের অভিযোগ আনেন।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র ও একজন মহিলা কাউন্সিলর গত উপজেলা পরিষদ নির্বাচনে যথাক্রমে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
