২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ২৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

সাতক্ষীরার এক গৃহবধূকে হত্যার ২৩ দিন পর যশোরের ঝিকরগাছার একটি বিল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন জানান, শনিবার রাতে উপজেলার বাঁকড়ার কচুয়া বিলে কচুরিপানায় ওই গৃহবধূর গলিত লাশ পাওয়া য়ায়।

মৃত ইয়াসমিন (২০) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

লাশ উদ্ধারের একদিন আগে শুক্রবার রাতে এ ঘটনায় ইয়াসমিনের স্বামী সাইফুল ইসলামকে (২২) আটক করে পুলিশ। সাইফুল সাতক্ষীরা আশাশুনি উপজেলার নয়কাঠি গ্রামের মঈনুদ্দিন গাজীর ছেলে।

ওসি মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মীয় বাড়িতে বেড়ানোর নাম করে গত ১ অগাস্ট ইয়াসমিনকে হত্যা করে বাঁকড়ার কচুয়া বিলে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে সাইফুল।

“সম্প্রতি সে বাড়ি গেলে তার আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা শুক্রবার তাকে আটক করে সাতক্ষীরার আশাশুনি থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে ইয়াসমিনকে হত্যার বিষয়টি স্বীকার করে।”

পরে শনিবার রাতে সাইফুলের দেখিয়ে দেয়া স্থান থেকে ইয়াসমিনের গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।