সন্তানের সামনে গৃহবধূ খুন, স্বামী পলাতক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সন্তানের সামনেই এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রোববার সকালে উটরাহাজিপুর গ্রাম থেকে মুন্নি খাতুন নামের ৩৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।
মুন্নির স্বামী শরিফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক বলে জানান ওসি।
প্রতিবেশীরা জানান, ১০ বছর আগে এক লাখ টাকা যৌতুক নিয়ে ধলজান গ্রামের মেছের আলীর মেয়ে মুন্নীকে বিয়ে করেন উটরাহাজিপুর গ্রামের শরিফুল। বিয়ের পর থেকে আরো যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই তিনি নির্যাতন করতেন।
সাত বছরের সুরাইয়া ছাড়াও তিন বছরের আরো একটি মেয়ে রয়েছে এই দম্পতির।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে শরিফুল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সুরাইয়া বিষয়টি দেখে ফেলে প্রতিবেশীদের জানায়।”
মুন্নির লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
