নিখোঁজের দু’দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের দু’দিন পর নদী থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্বর্ণা (১৩) দারিয়াপুর গ্রামের আসলাম আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সখীপুর থানার ওসি বজলুর রশীদ জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গিলাবাড়ি এলাকায় বংশাই নদীতে তার লাশ পাওয়া যায়।
শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল স্বর্ণা।
ওসি জানান, স্বর্ণার সঙ্গে একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে কোচিং ফাঁকি দিয়ে তারা বংশাই নদীর পাড়ে দেখা করে।
আলাপচারিতার এক পর্যায়ে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ছেলেটি বিয়েতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি সেখান থেকে চলে যায়।
কিন্তু কিছুক্ষণ পর আবারো নদীর পাড়ে গিয়ে সে মেয়েটির জুতা পরে থাকতে দেখে। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে স্বর্ণা নদীতে ঝাঁপ দিয়েছে বলে তার বাবাকে ফোন দিয়ে জানায় ছেলেটি।
কিন্তু স্বর্ণার বাবা দাবি করেছেন, তার মেয়েকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়া হয়েছে।
