২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন: ফখরুল

একুশ অগাস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি চেয়ারপার্সন ও তার ছেলের বিরুদ্ধে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 01:28 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের মুখপাত্র বলেছেন, বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য আদালত অবমাননার শামিল।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার স্মরণে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা বলেছিলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের সঙ্গে যেমন জিয়াউর রহমান জড়িত ছিল, ঠিক তেমনি ২১ আগস্টের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও ওই সময়ের মন্ত্রিসভার সদস্যরা জড়িত ছিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই নয়া পল্টনে সংবাদ ব্রিফিং ডাকে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সম্প্রতি প্রধানমন্ত্রী ২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচারাধীন মামলা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা অসত্য, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা মনে করি, এরকম বক্তব্য দিয়ে তিনি আদালতকে শুধু প্রভাবিতই করছেন না, বিভ্রান্তও করছেন। প্রধানমন্ত্রীর ওইরকম বক্তব্য নিঃসন্দেহে আদালত অবমাননার শামিল।”

২১ অগাস্টের গ্রেনেড হামলাকে জঘন্যতম ঘটনা হিসাবে অভিহিত করে তিনি বলেন, “আমরা সরকারে থাকাকালে এই ঘটনার নিন্দা জানিয়েছি। ওই সময়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করেছে। তদন্ত হয়েছে। বিদেশ থেকে আন্তর্জাতিক তদন্ত টিম এফবিআইকেও তদন্ত করতে দেশে আনা হয়েছিল।”

“তবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওই সময়ে এফবিআই ও বিচার বিভাগীর তদন্ত কমিশন কাউকেই সহযোগিতা করেননি।”

ফখরুল বলেন, “আমরা এখনো চাই, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার প্রকৃত সত্য বের হয়ে আসুক। প্রকৃত অপরাধীরা শাস্তি পাক-এটা একান্তই আমাদের কাম্য। কিন্তু ক্ষমতাসীন দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”

খালেদা জিয়াকে যুক্ত করে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ‘দুঃখজনক’ অভিহিত করে বিএনপি মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে অভ্যস্ত। বিচারাধীন মামলা সম্পর্কে দেশের একজন প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দিয়ে আদালতকে সরাসরি প্রভাবিত করছেন।”

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় জড়ানোর নিন্দাও জানান তিনি।

ফখরুল বলেন, “এভাবে নানা বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চায় সরকার। আমরা বলতে চাই, এতে কোনো লাভ হবে না। একদিন জনগণ এর সমুচিত জবাব দেবে।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, “মামলার অন্যতম আসামি মুফতি হান্নানের কাছ থেকে অমানসিক নির্যাতন চালিয়ে যে জবানবন্দি আদায় করা হয়েছিল, তা মুফতি হান্নান আদালতেই বিবৃতি দিয়ে মিথ্যা বলেছেন। এই মামলায় ওই কথিত জবানবন্দি ছাড়া অন্য কোনো সাক্ষী নেই। আমরা আশা করব, আওয়ামী লীগ এমন কিছু করবে না, যাতে বিচারের ওপর জনগণের আস্থা হারিয়ে যায়।”

সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুল, রুহুল কবির রিজভী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন ও আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।