মানিকগঞ্জে ট্রাকচাপায় দুই শিশু নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গ্যাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- গ্যাড়াদিয়া মধ্যপাড়া গ্রামের হানিফ আলীর মেয়ে তৃষা আক্তার (৭) ও একই উপজেলার চারিগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আলভী হোসেন (৬)।
এ দুর্ঘটনার পর পরই ট্রাকটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় ওই সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, স্ত্রী-ছেলেকে নিয়ে গ্যাড়াদিয়া মধ্যপাড়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাজুল ইসলাম। দুপুরে মোটরসাইকেলে করে স্ত্রী, ছেলে আলভী ও নাতনী তৃষাকে নিয়ে চারিগ্রামে বাড়িতে ফিরছিলেন।
“দুপুর ১২ টার দিকে গ্যাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটের খোয়াবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই দুই শিশু ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
তিনি আরো বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে তাতে অগ্নিসংযোগ করে স্থানীয়রা। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।”
