২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পাউবোতে ঠিকাদারদের তালা

কাজের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই কর্মকর্তার অফিস একঘণ্টা তালাবদ্ধ রেখেছেন ঠিকাদাররা। দাবি মানা না হলে অনশনসহ বিভিন্ন কর্মসূচির হুমকিও দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 09:16 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বুধবার সকাল ১১টায় তারা প্রধান প্রকৌশলী ও হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে তালা দেন। পরে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে দুপুর ১২টার দিকে তালা খুলে দেয়।

বরগুনা থানার ওসি শামসুল হক জানান, পানি উন্নয়ন বোর্ড অফিসে তালা লাগানোর কথা শুনে ঠিকাদারদের সঙ্গে কথা বলে তালা খুলে দেয়া হয়েছে।

জোয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হাসিব আহসান জানান, চার হাজার ৮০০ ফুট বাঁধের আপতকালীন সংস্কার কাজ পেয়েছিলেন তিনি। ওই কাজের বিপরীতে ৭০ লাখ টাকার ওয়ার্ক অর্ডার দেয়া হলেও তদারকি শেষে বিল দেয়া হয়েছে মাত্র ৮ লাখ টাকা।

যে পরিমাণে কাজ করেছেন সে অনুযায়ী বিল দেয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, কাজ পরিমাপ করতে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, তাও করা হয়নি। তাই তিনি ও অন্য ঠিকাদাররা সকল কাজের পুনরায় পরিমাপ করে ন্যায্য বিলের দাবিতে অফিসে তালা দিয়েছেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক অফিসে তালা দেয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠিকাদারদের দাবির প্রেক্ষিতে নতুন একটি তদারকি কমিটি করে পূনরায় পরিমাপ করার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন।

পাউবো অফিস জানায়, ২০১৩-১৪ অর্থ বছরে ২২টি পোল্ডারের ১৫টি পোল্ডারে আপতকালীন বেড়িবাঁধ সংস্কারের জন্যে ২ কোটি ৬২ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। একাধিক প্যাকেজে ৩০ জন ঠিকাদার কাজ পান। কাজ শেষে পানি উন্নয়ন বোর্ডের দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি ওই কাজের তদারকি করে বিল উপস্থাপন করেন। এতে ২ কোটি ৬২ লাখ টাকার দরপত্রের বিপরীতে ৫৬ লাখ টাকার বিল উপস্থাপন করা হয়।

এছাড়া একই অর্থ বছরে ১০টি পোল্ডারে নিয়মিত সংস্কার কাজের জন্যে ২ কোটি ৯৬ লাখ টাকার দরপত্র আহবান করে পানি উন্নয়ন বোর্ড। একাধিক প্যাকেজে ২৬ জন ঠিকাদার কাজ পান। একই তদারকি কমিটি ২ কোটি ৯৬ লাখ টাকার বিপরীতে ৭১ লাখ টাকার বিল উপস্থাপন করেন।