প্যাথলজির অধ্যাপকই ক্যান্সার ইনস্টিটিউটের শীর্ষ পদে থাকছেন
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের পরিচালকের দায়িত্বে প্যাথলজির অধ্যাপক মো. শামিউল ইসলামই থাকছেন।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ বিষয়ে হাই কোর্টের আদেশ স্থগিত করে দেয়ায় শামিউল এ সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন একজন আইনজীবী।
রাষ্ট্রপক্ষের একটি আবেদনের প্রাথমিক শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. ইমান আলী মঙ্গলবার এই আদেশ দেন।
গত ২৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক আদেশে ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক শেখ গোলাম মোস্তফাকে অপসারণ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
একই আদেশে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. শামিউল ইসলামকে ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক করা হয়।
এরপর হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে যায় রাষ্ট্রপক্ষ।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গোলাম মোস্তফার পক্ষে ছিলেন মো. মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী জায়েদী হাসান খান।
জায়েদী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩ অগাস্ট গোলাম মোস্তফা সাহেব তার পদ থেকে সরে নতুন পদে যোগদান করেছেন। রাষ্ট্রপক্ষ আদালতে ওই যোগদানপত্র দেখিয়েছে।
“আদালত বলেছেন, যেহেতু হাই কোর্টের আদেশের আগেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে, তাই হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ অকার্যকর। এখন রুল শুনানি করা যেতে পারে।”
‘ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক পদে প্যাথলজির অধ্যাপক’ শিরোনামে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে এই রিট আবেদন করেছিলেন গোলাম মোস্তফা।
ওই প্রতিবেদনে বলা হয়, একাধিক ক্যান্সার বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসক থাকার পরও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক করা হয়েছে প্যাথলজির একজন অধ্যাপককে। তিনি সরকারি দলের সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য।
“চক্ষু, পঙ্গু, হৃদরোগ, স্নায়ুরোগ, বক্ষব্যাধি, কিডনি, মানসিক রোগ- এসব বিশেষায়িত হাসপাতালের পরিচালকের পদে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই আছেন। ক্যান্সার ইনস্টিটিউটের মতো বিশেষায়িত সেবাপ্রতিষ্ঠানের পরিচালকের পদে প্যাথলজির চিকিৎসককে নিয়োগ দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।”
