সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্ত বাজার এলাকায় নিহত গোলবার হোসেন (৬৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতি গ্রামের প্রয়াত শমসের মন্ডলের ছেলে।
নিহতের নাতি জিয়াউর রহমান জানান, মহাসড়ক অতিক্রম করার সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দাদা গোলবার হোসেন মারা যান। তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।
ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় চালকে আটক করতে পারেনি বলে জানান জিয়াউর রহমান।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কথা স্থানীয়দের কাছ থেকে নিশ্চিত হয়েছি, তবে আহত বা নিহত কাউকে পাওয়া যায়নি।”
