২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম আজহারুলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:00 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেহাদ-আল মালুম।

প্রথম দিনে মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা ও এটিএম আজহারুল ইসলামের পরিচিতি ও অবস্থান সম্পর্কে বর্ণনা করেন তিনি।

পরে এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, মঙ্গলবার আজহারুলের বিরুদ্ধে অভিযোগসমূহের ভিত্তিতে যুক্তিতর্ক পেশ করা হবে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এটিএম আজহারের বিরুদ্ধে গত বছর ২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন।

চলতি বছরের ৪ অগাস্ট এটিএম আজহারুল ইসলামের পক্ষে তার একমাত্র সাফাই সাক্ষী আনোয়ারুল হকের সাক্ষ্যগ্রহণ ও  জেরা শেষ হয়। পরে মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ১৮ অগাস্ট দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

এর আগে গত ৭ জুলাই এমামলায় চার সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। গত ১৩ জুলাই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করায় ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

গত বছরের ১২ নভেম্বর একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আজহারুলের বিরুদ্ধে ৬টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন কতৃপক্ষের দায়) অভিযোগও রয়েছে।

রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, চার জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে।

প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারুলকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই বছরের ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের নয় ধরনের অভিযোগে তদন্ত শেষ করে প্রসিকিউশন বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা।

১৮ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ছয়টি অভিযোগের ভিত্তিতে মোট চারটি খণ্ডে ৩শ পৃষ্ঠার নথিপত্রসম্বলিত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল র্চার্জ) দাখিল করার পর ২৫ জুলাই তা আমলে নেয় ট্রাইব্যুনাল।

গত বছর ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।