২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 07:09 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

সোমবার দুপুরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনায় নিহত মো. মাহমুদ আলী (৩০) রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের প্রয়াত কালা মিয়ার ছেলে।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, দুবাই প্রবাসী মাহমুদ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের পিছনে বসে কুলাউড়া শহরের জয়পাশা থেকে পাশে হাজীপুর যাচ্ছিলেন।

বেলা ১২টার দিকে উপজেলা সদরের কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে দ্রুতগতির মোটরসাইকেলটি থেকে ছিটকে পড়ে মাহমুদ গুরুতর আহত হন। দ্রুত তাকে কুলাউড়ার ব্রাহ্মণবাজারে একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাহমুদের বন্ধু মোটরসাইকেল চালকের পরিচয় জানাতে পারেননি চেয়ারম্যান আব্দুল জলিল।

আব্দুল জলিল আরো জানান, দেড় মাস আগে মাহমুদ দুবাই থেকে দেশে ফেরেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।