২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পারে ধস

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পারে ভাঙন ধরেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

সোমবার সকালে যমুনার পানি বিপদ সীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, সারিয়াকান্দির কামালপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। রোববার রাত ৩টায় ওই বাঁধের ৫০ মিটার ধসে গেছে।

সেখানে জরুরি ভিত্তিতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, তবে বন্যার পানি এখনো নিম্নাঞ্চলে ঢুকতে পারেনি।

নূরুল ইসলাম আরো জানান, সকাল সাড়ে ৯টায় ধুনটের শহরাবাড়ি এলাকায় ৭২৭ মিটার স্পারের মাথার ঢালাইয়ের ৫০ মিটার যমুনায় বিলীন হয়ে গেছে।

যমুনার পানি বিপদ সীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘণ্টায় ঘণ্টায় পানি বেড়েই চলেছে বলে জানান তিনি।

কামালপুর গ্রামের শাজাহান আলী বলেন, রোববার গভীর রাতে কামালপুর এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফাটল ধরে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ভয়ে দূরে আশ্রয় নেয়।

ধুনধ উপজেলার বানিয়াজান গ্রামের নজরুল ইসলাম বলেন, বানিয়াজান এলাকায় যমুনার ভাঙন রক্ষায় নির্মিত স্পারের সামনের অংশ ভেঙে গিয়ে গোটা স্পার এখন হুমকির মুখে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান জানান, খবর পেয়ে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।