লন্ডনে মিজারুলের স্ত্রীর কোম্পানি নিয়ে প্রশ্ন
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের ঠিকানা ব্যবহার করে হাই কমিশনার মিজারুল কায়েসের স্ত্রীর পরিচালিত একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহ ও ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
নাঈমা চৌধুরী কায়েস নাঈমা চৌধুরী কায়েস
এইজিং ওয়েলের ওয়েবসাইটে পরিচালকদের পরিচিতি এইজিং ওয়েলের ওয়েবসাইটে পরিচালকদের পরিচিতি
নাঈমা চৌধুরী কায়েস পরিচালিত এইজিং ওয়েল ইউকে লিমিটেড এ পর্যন্ত কত টাকার তহবিল সংগ্রহ করেছে এবং কত টাকা কীভাবে ব্যয় করেছে তা স্পষ্ট নয়।
গত মাসে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের আগে-পরে একটি লম্বা সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা নিয়ে সমালোচনার মধ্যেই মিজারুল কায়েসকে লন্ডন থেকে সরিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্রাজিল মিশনে পাঠানো হয়।
লন্ডনের একাধিক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, হাই কমিশনারের অনুরোধে তারা এইজিং ওয়েলে অনুদান দিয়েছেন।
এইজিং ওয়েলের ওয়েবসাইটে হাই কমিশনারের স্ত্রী ‘ম্যাডাম’ নাঈমা চৌধুরী কায়েসকে প্রথমে উল্লেখ করা হয়েছে ‘ফার্স্ট লেডি অব বাংলাদেশ হাই কমিশন, ইউকে’ হিসাবে। এরপর বলা হয়েছে, তিনি এইজিং ওয়েল ইউকের চেয়ারপার্সন এবং এইজ ওয়েল বাংলাদেশের প্রেসিডেন্ট।
লিমিটেড কোম্পানি এইজিং ওয়েলের পাঁচ পরিচালকের মধ্যে নাঈমাও একজন।
এইজিং ওয়েলের সঙ্গে ডাক যোগাযোগের জন্য ওয়েবসাইটে ঠিকানা দেয়া হয়েছে ৭ স্প্যানিয়ার্ডস ক্লোস, লন্ডন এনডব্লিউ১১৬টিএইচ। স্প্যানিয়ার্ডস ক্লোসের ওই বাড়িই বাংলাদেশের হাই কমিশনারের সরকারি বাসভবন।
স্প্যানিয়ার্ডস ক্লোস নামের ওই সড়কে মোট ১২টি বাড়ি আছে, যেগুলোর বর্তমান দাম গড়ে ৮৬ লাখ ১৪৫ পাউন্ড।
এইজিং ওয়েলের ওয়েবসাইটে ঠিকানা ও চেয়ারপারসনের পরিচয় দেয়া হয়েছে যেভাবে
এইজিং ওয়েলের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বাংলাদেশের এইজ ওয়েলের একটি শাখা, যে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত।
তবে এইজ ওয়েলের ঢাকা অফিসের কর্মকর্তারা লন্ডনের এইজিং ওয়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।
এইজ ওয়েলের জেনারেল সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক এ এস এম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের স্ত্রী আমাদের এই কোম্পানির প্রতিষ্ঠাতা। তারা লন্ডনে চলে যাওয়ার পর সেখানে তিনি এইজিং ওয়েল খোলেন। আমাদের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোনো অফিসিয়াল সম্পর্ক নেই।”
লন্ডন থেকে কোনো তহবিল পেয়েছেন কি না জানতে চাইলে আতিক জানান, এখন পর্যন্ত পাননি।
“তারা হয়তো লন্ডনে তহবিল সংগ্রহ করেন, কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই।”
এইজ ওয়েলের জয়েন্ট সেক্রেটারি কানিজ ফাতেমা আজিজ, যিনি নিজেকে একজন সমাজকর্মী হিসাবে পরিচয় দেন, তিনিও এইজিং ওয়েলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন।
“আমরা এ পর্যন্ত কোনো টাকা সেখান থেকে পাইনি। লন্ডনে তাদের কর্মকাণ্ড সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। আপা (নাইমা কায়েস) নিজেই সব করেন।”
ঢাকায় এইজ ওয়েলের একজন অফিস কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, নাইমা কায়েস লন্ডনে কিছু তহবিল সংগ্রহ করেছেন বলে তিনি শুনেছেন। তবে ঢাকায় কোনো টাকা এখন পর্যন্ত আসেনি।
ওই অফিস কর্মচারী বলেন, সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হলেও এইজ ওয়েলকে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধন করা হয়েছে যাতে এটি টিকে থাকার জন্য প্রয়োজনে ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারে।
কর্মকর্তারা বলছেন, অবসরপ্রাপ্ত ও বয়স্কদের মধ্যে যাদের সাহায্য ও যত্নের প্রয়োজন এবং যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তাদের সহায়তা দেয়াই এ প্রতিষ্ঠানের কাজ।
এইজ ওয়েলের প্রতিষ্ঠাতা নাঈমা কায়েস আগামী ডিসেম্বরে দেশে আসতে পারেন বলেও জানিয়েছেন তারা।
এইজিং ওয়েলের ওয়েবসাইটে পরিচালকদের পরিচিতি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা নথিতে দেখা যায়, এইজিং ওয়েল ইউকের নিবন্ধনের ক্ষেত্রে নাঈমা ছাড়াও আরো দুইজন পরিচালক হাই কমিশনারের সরকারি বাসভবনকে তাদের ঠিকানা হিসাবে ব্যবহার করেছেন।
এই দুই জনের মধ্যে নাফিজা আনোয়ার একজন ব্রিটিশ নাগরিক। তবে ফাহমিদা বেগম নামে অন্যজনের জাতীয়তা কোম্পানির নিবন্ধনের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি।
এইজিং ওয়েলের সঙ্গে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কী সম্পর্ক এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই।”
আর এইজিং ওয়েলের সঙ্গে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, সেহেতু এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
অবশ্য একজন সাবেক রাষ্ট্রদূত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নিজের কোম্পানির জন্য হাই কমিশনের ঠিকানা ব্যবহার করে তহবিল সংগ্রহ একজন রাষ্ট্রদূতের স্ত্রীর পক্ষে অনৈতিক।
“নৈতিকভাবে তিনি এটা করতে পারেন না। কোম্পানি চালাতে তহবিল সংগ্রহের জন্য হাই কমিশনের ঠিকানা তিনি ব্যবহার করতে পারেন না।”
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এই রাষ্ট্রদূত বলেন, “নৈতিকভাবে তিনি এটা করতে পারেন না। কখনো কখনো কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা রাষ্ট্রদূতের স্ত্রীদের সাহায্য সংগ্রহ করতে আমরা দেখেছি। তবে ওই টাকা সব সময় স্বচ্ছতার সঙ্গে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।”
নাঈমা চৌধুরী কায়েস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নাঈমা। প্রতিষ্ঠানের কোনো আর্থিক তথ্যও তিনি দেননি।
নাঈমা স্বামীর সঙ্গে ব্রাজিলে চলে গেলে লন্ডনে এইজিং ওয়েলের ভবিষ্যত কি হবে এবং এ পর্যন্ত কত টাকা তারা সংগ্রহ করেছেন, কত টাকা কীভাবে ব্যয় হয়েছে- সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে।
এ বিষয়ে এইজিং ওয়েলের কোষাধ্যক্ষ জেনেট লিজাবেথ ব্রসকে info@ageingwelluk.org ঠিকানায় ই মেইল করা হলে তারকোনো জবাব পাওয়া যায়নি।
এর তিন দিনের মাথায় নাঈমা কায়েসের সঙ্গে টেলিফোনে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের। তিনি দাবি করেন, লন্ডনের বাইরে থাকায় তার পক্ষে মেইল পড়া সম্ভব হয়নি। এরপর তার পরামর্শে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নগুলো মেইল করা হয় ageingwelluk@gmail.com ঠিকানায়।
এর একদিন পর নাইমা ফিরতি মেইলে বলেন, “আপনার প্রশ্নগুলো ম্যানেজমেন্ট কমিটির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারাই আপনার প্রশ্নের উত্তর দেবে।”
সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পান ২০১২ সালের ৯ ডিসেম্বর। এরপর দুই বছরেরও কম সময়ের মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থতাসহ বিভিন্ন অভিযোগ ওঠে কায়েসের বিরুদ্ধে।
সম্প্রতি সরকারি নিরীক্ষায় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রীয় অর্থ খরচের ক্ষেত্রে অনিয়ম, অব্যবস্থাপনা, অস্বচ্ছতা এবং মিজারুল কায়েসের ক্ষমতার অপব্যবহার ধরা পড়ে।
মিজারুল কায়েস
মহা হিসাব নিরীক্ষকের দপ্তরের ওই নিরীক্ষা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
২০১২-২০১৩ অর্থবছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, লন্ডন মিশনে অনিয়মের বিষয়ে উত্থাপিত ৫৭টি আপত্তির মধ্যে ৪৭টির বিষয়েই কোনো সন্তোষজনক উত্তর নিরীক্ষকরা পাননি।
হাইকমিশনের আর্থিক ব্যয়ে চরম অসন্তোষ প্রকাশ করে সরকারি বিধি লঙ্ঘন এবং অনুমোদন ছাড়া ব্যয় করা বিপুল অংকের টাকা ফেরত নেয়ারও পরামর্শ দেয়া হয় প্রতিবেদনে।
৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনার বিষয়ে কায়েস ‘যথেষ্ট উদ্যোগ নেননি’ বলেও সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে।
যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লন্ডনের মতো একটি গুরুত্বপূর্ণ মিশনের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনেও ব্যর্থ হয়েছেন কায়েস।
প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের গার্ল সামিটে অংশ নিতে গত ২১ জুলাই লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। ইটালিতে ছুটি কাটিয়ে তার ঠিক আগের রাতে তাড়াহুড়ো করে কর্মস্থলে ফেরেন মিজারুল কায়েস। আর প্রধানমন্ত্রী লন্ডন ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যে আবারো ইটালির উদ্দেশ্যে উড়াল দেন কায়েস।
ওই সময় লন্ডনে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচি ঠিক করতে সরকারকে মিশনের বাইরে থেকেও সহায়তা নিতে হয় বলে একটি সূত্রে জানা গেছে।
