২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি নীতিমালার খসড়ায় অনুমোদন

চিংড়ি খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে প্রণীত জাতীয় চিংড়ি নীতিমালার খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 05:28 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় চিংড়ি নীতিমালা ২০১৪’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “এ নীতিমালা অনুযায়ী চিংড়িখাতে মূল ভূমিকা পালন করবে বেসরকারি খাত এবং সরকার এখানে ক্যাটালিস্ট বা অনুঘটকের ভূমিকা পালন করবে।

“চিংড়ি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য, গত অর্থ বছরে প্রায় তিন হাজার ৩৭৬ কোটি টাকা আয় হয়েছে, এই সেক্টরে প্রায় দেড় কোটি লোক নিয়োজিত রয়েছে।”

চিংড়িখাত নিয়ে একটি পৃথক ও পূর্ণাঙ্গ নীতিমালার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৯৯৮ সালের জাতীয় মৎস্য নীতিতেও চিংড়ি বিষয়টি রয়েছে, তবে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লক্ষ্য করে মৎস্য নীতিতে চিংড়ি নিয়ে যা আছে তা ইঙ্গিতবাহী নির্দেশনা এবং তা অপ্রতুল। তারা মনে করছেন একটি পৃথক ও পূর্ণাঙ্গ নীতিমালা থাকা দরকার।”

“এই নীতিমালার লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য ও বৈচিত্র্য রক্ষা, জীব বৈচিত্র্য রক্ষা করা, মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টি, কর্মসংস্থান, নারীর উন্নয়ন, চিংড়ি উৎপাদন , প্রক্রিয়াজাতকরণ ও বিপনন, রপ্তানি বাজারের সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা ইত্যাদি।”

এই নীতিমালার বৈশিষ্ট্য হচ্ছে চিংড়ি শিল্পের মানোন্নয়ন ও মান নিয়ন্ত্রন, যা রপ্তানি বাড়াতে সাহায্যে করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

কোন এলাকায় কি চাষ করা হবে তাও এই নীতিমালায় রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই নীতিমালার ফলে রপ্তানি বৃদ্ধি পাবে।”