লক্ষ্মীপুরে মেঘনার ব্যাপক ভাঙন
মেঘনার ভাঙনে বিলীন হওয়া অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার উপকূলীয় জনপদ। প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে এ নদীর তাণ্ডবে।
প্রবল ভাঙনে এ দুই উপজেলার মানচিত্র পাল্টে যাচ্ছে। ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ফসলী জমি কমছে দিনকে দিন।
ভাঙন এলাকা আলেকজান্ডার বাজারের কাছে চলে আসায় রামগতি উপজেলা পরিষদ ভবন, সরকারি হাসপাতাল, আলেকজান্ডার সরকারি কলেজসহ বিভিন্ন স্থাপনা ও আলেকজান্ডার-সোনাপুর পাকা সড়ক বেঙে পড়ার আশংকা রয়েছে।
এছাড়া কমলনগরের লুধুয়া, ফলকন, দক্ষিণ ফলকন, পাটারীর হাট, হাজীগঞ্জ, কাদির পণ্ডিতের হাট ও চরজগবন্ধুসহ বিস্তীর্ণ এলাকার জমি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।
গত কয়েকবছরের ভাঙনে রামগতির বয়ারচর, বড়খেরী, গাবতলী, সেবাগ্রাম, আসলীপাড়া, চরসেভেজ, চরআবদুল্যা, লম্বাখালী, কাটাখালীসহ ১৫টি গ্রাম এবং কমলনগরের চরকালকিনী, চরশামছুদ্দিন, চরকটুরিয়া, চরমাতাব্বর, কৃষ্ণপুর ও চর জগবন্ধুসহ ১৪টি গ্রাম বিলুপ্ত হয়ে গেছে।
এছাড়া ৭টি সাইক্লোন সেন্টার, স্লুইচ গেইট, মসজিদ, মাদ্রাসা, ৩৭ কিলোমিটার বেড়ি বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে নদীভাঙনের শিকার হয়ে গৃহহীন লোকজন পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে।
স্থানীয় সাহেবের হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই নদী ভাঙনের কারণে হাজার হাজার লোক সহায় সম্বলহীন হয়ে পড়েছে।
তিনি সরকারের কাছে নদী ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ টি এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর গতি প্রবাহ পরিবর্তনের কারণে ঢেউয়ের আঘাতে এ উপকূলীয় এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। রামগতি ও কমলনগরের ৮৭ কিলোমিটর বেড়িবাঁধের মধ্যে ৩৭ কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়েছে।
তিনি জানান, নদীভাঙন রোধে ১৯৮ কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। একনেকে ডিপিপিটির অনুমোদন দেয়া হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরে প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু করা হবে।
