২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢলে শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

ভোগাই, চেল্লাখালি, মালিঝি, মহারশি, সোমেশ্বরী ও পাগলা নদীর ছয়টি স্থানে তীর রক্ষা বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে নালিতাবাড়ী পৌরসভার একাংশসহ চারটি ইউনিয়ন এবং ঝিনাইগাতী উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রাম তলিয়ে গেছে।

এতে ঘর-বাড়ি ও রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকার সদ্য রোপন করা আমন ধানের ক্ষেত ও আমনের বীজতলায় পানি প্রবেশ করেছে। সেইসঙ্গে ওইসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট ও অনেক ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, গত ২/৩ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার সদ্য রোপন করা আমন ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে পানি নেমে যাওয়ার পর তা নিরূপণের জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।