২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নাঞ্চল প্লাবিত, চর ও দ্বীপচরের ২০ হাজার মানুষ পানিবন্দি

উজানের পানি আসা অব্যাহত থাকায় কুড়িগ্রামে ধরলা, দুধকুমর, ব্রহ্মপুত্র ও তিস্তাসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 05:42 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

এতে নিম্নাঞ্চলের শতাধিক চর ও দ্বীপচর তলিয়ে গেছে। পানিবন্দি হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। ডুবে গেছে সদ্য রোপন করা ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজি ক্ষেত।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের পিপুলবাড়ী গ্রামের গোলাপ হোসেন, নিজাম উদ্দিন ও ঈসমাইল হোসেন জানান, শনিবার থেকে হঠাৎ পানি বৃদ্ধির ফলে এই গ্রামে বসবাসরত ১৪১টি পরিবারের মধ্যে অন্তত একশ’ পরিবার পানিবন্দি হয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে নদীর ভাঙন।

রোববার সকালে গোলজার ও অপিয়াল নামের দুজনের বাড়ি ভেঙে যাওয়ায় তারা অন্যত্র চলে গেছেন বলে জানান গোলাপ হোসেন ও নিজাম উদ্দিনরা।

যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, সীমান্ত বেষ্টিত এই ইউনিয়নের উজানে ভারত থেকে পানি প্রবাহ বৃদ্ধির ফলে পিপুলবাড়ি, আরাজি পিপুলবাড়ি, রলাকাটা, দৈ খাওয়া, আইরমারীসহ ১৮টি চর পানিবেষ্টিত হয়ে পড়েছে। এখানকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লা জানান, পানি বৃদ্ধির ফলে এই ইউনিয়নে চার থেকে পাঁচ শতাধিক লোক পানিবন্দি হয়েছে। এখন পর্যন্ত পশ্চিম ধড়কা, পশ্চিম ফকিরের চর, শারিসুরির নিম্নাঞ্চলসহ কালিকাপুরের আংশিক এলাকা পানিবন্দি হয়েছে।

নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান জানান, হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের আমন ক্ষেত সম্পূর্ণ তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে চর বেরুবাড়ি, চর রহমানের কুটি, নতুন চর, খেলার ভিটাসহ বেশ কয়েকটি চর।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৫৯ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১২ সেন্টিমিটার কমেছে ও নুনখাওয়া পয়েন্টে দুধকুমর নদীর পানি ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদরের ৬টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, পানি বৃদ্ধিতে ভাঙন কবলিত ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী এলাকায় ১০ মেট্রিক টন জিআর এর চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও রোববার বন্যা দুর্গত এলাকায় সহায়তার জন্য জরুরি ভিত্তিতে দুইশ’ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।