বরযাত্রীর ট্রলারে ডাকাতি, বর-কনেসহ আহত ১০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলারে হানা দিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে একটি ডাকাত দল।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকের উপজেলার নয়নগর এলাকায় মেঘনা নদীতে এই ডাকাতি হয় বলে গজারিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
এ সময় ডাকাতদের হামলায় বর ও কনেসহ অন্তত ১০ জন আহত হন। তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরযাত্রীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাখাওয়াত বলেন, ওই ট্রলার থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫০টির কাছাকাছি মোবাইল ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল।
“ঘণ্টা খানেক পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই বরযাত্রী বালুর ট্রলারে উঠে রক্ষা পেয়েছেন। পরে তাকে নৌ পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ পৌঁছে দেয়া হয়েছে।”
বরযাত্রী সফিকুল ইসলাম বলেন, চাঁদপুরের মতলবের ষাটনলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কনে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে ফিরছিলেন তারা। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এলে মাছের ট্রলারে করে ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে।
“এসময় ডাকাত দল দুটি বন্দুক উঁচিয়ে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বর মো. রুবেল ও কনে তানিয়াসহ ১০ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় ভয়ে বরযাত্রী হাবিব পানিতে লাফ দেয়।”
রুবেল নারায়ণগঞ্জের বন্দর থানার মাহামুদ নগর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। কনে তানিয়ার বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ষাটনল এলাকায়।
