২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো শোক দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত মেয়র মনজুর

নিজের বাগানবাড়িতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করলেও চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেয়র মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র এ কৌশলী অবস্থান নিয়েছেন বলে মনে করছেন সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা। 

শুক্রবার বিকালে নগরীর কাট্টলী এলাকায় নিজের বাগান বাড়িতে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন মনজুর আলম। জন্মদিনের অনুষ্ঠান হলেও সেখানে কেক কাটেননি বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।

২০১০ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর দুই বছর সিটি করপোরেশনের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মনজুর। তবে গত বছরও তিনি অনুষ্ঠানে ছিলেন না।

তার অনুপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) মিলনায়তনে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিসিসি সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মনজুরুল ইসলাম আলোচনা করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থক এক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে মেয়র নির্বাচন। বর্তমান মেয়র বিএনপির সমর্থনে নির্বাচনে অংশ নিতে নিজের আগ্রহের বিষয়টি গণমাধ্যমকে বলেছেন।

“তাই দলের সমর্থন পেতেই হয়ত তিনি শোক দিবসের অনুষ্ঠানে না এসে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করেছেন। একসময় তিনি আওয়ামী লীগের রাজনীতি সমর্থন করতেন। এখন রাজনীতির কৌশলের কারণেই এ অবস্থান নিয়েছেন।”

কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র মনজুর।

তিনি বলেন, “রাজনীতির মূল কথা হলো মানুষের সেবা, কল্যাণ ও দেশের জন্য ‍কাজ করা। ভিন্ন ভিন্ন মত ও পথের নাগরিকদের মন জয় করতে হলে তাদের সুখ-দুঃখের সাথী হতে হয়।

“গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি। আমি তারই আদর্শের ভিত্তিতে গরীব দুঃখীদের সেবা দিয়ে যাচ্ছি।”

২০১০ সালে সিটি মেয়র নির্বাচিত হওয়ার আগে আওয়ামী লীগের সমর্থনে তিন বার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন মনজুর।

নগরীর রাজনীতিতে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ‘শিষ্য’ হিসেবে পরিচিতি রয়েছে তার। বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার বছর খানেক পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত তিনি।