শাহজালালে দেড় লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় লাখের বেশি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দরের বর্হিগমন এলাকা থেকে মোট এক লাখ ৫৪ হাজার টাকার ১২টি দেশের এসব মুদ্রা উদ্ধার করা হয়।
তিনি বলেন, “অবৈধ ডলার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলার খবর পেয়ে কেউ ব্যাগ ভর্তি মুদ্রাগুলো ফেলে পালিয়ে যায়।”
ব্যাগে ২১৫ মার্কিন ডলার, ৩৩৭ সিঙ্গাপুরিয়ান ডলার, ব্রুনাইয়ের ১৫০ ডলার, মালদ্বীপের ১৭৫ রুপিয়া, সৌদি আরবের এক হাজার ২০ রিয়াল, ইউরোপীয় ইউনিয়নের ৪০ ইউরো, কাতারের ৫১০ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৩৮০ দিরহাম, মালয়েশিয়ার ১৫৪৮ রিঙ্গিত, বাহরাইনের ৩৯ দশমিক ৫০ দিনার, কুয়েতের ১৮ দশমিক ২৫ দিনার এবং বাংলাদেশি ১৪ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়।
এসব মুদ্রা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান এএসপি আলমগীর।
এদিকে শুক্রবার সকালে বিদেশ থেকে আসা নূর আলম শেখ নামে এক যাত্রীর কাছে ৬২ কার্টুন আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়ায় তাকে আটক করেছে এপিবিএন।
এএসপি আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন নূর আলম। বিমানবন্দরের ক্যানোপি ১ এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
