২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়কে গাড়ির ধীরগতি, যানজট

রাত থেকে টানা বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট বড় খানা-খন্দের কারণে কমে যাচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি, তৈরি হচ্ছে যানজট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

গাজীপুরের নাওজোর মহাসড়ক পুলিশের এসআই কামাল পাশা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলার কারণে বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা অবস্থায় রয়েছে।

"এসব স্থানে বৃষ্টির পানি জমে ও কাঁদায় আটকে যানবাহনের স্বাভাবিক কমে যাওয়াসহ যানজটের সৃষ্টি হচ্ছে।"

ফাঁড়ির আরেক এসআই মো. মিজানুর রহমান জানান, মহসড়কে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত স্থানে স্থানে ছোট-বড় গর্ত রয়েছে।

"বৃহস্পতিবার রাত ১০ থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ছয়টি ট্রাক এসব গর্তে আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। আবার কিছু কিছু গাড়ি ২/৩ লেনে ওভারটেক করে চলতে গিয়েও অস্বাভাবিক যানজট তৈরি করে।"

তিনি বলেন, "গর্তে আটকে পড়া ট্রাক উদ্ধারের জন্য অস্বাভাবিক যানজটের ভিতর রেকার নিয়ে ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছাও সম্ভব হয় না। একেকটি ট্রাক অপসারণে দুই ঘণ্টাও লেগে যায়। অনেক সময় চেইনে কপিকল লাগিয়েও ট্রাক অপসারণ করতে হয়েছে।"

সব অপসারণ করে শুক্রবার সকাল ১০টার দিকে রাস্তা সচল করা গেলেও গাড়ির গতি খুবই ধীর।

ধীরগতির কারণে মহাসড়কে সময় সময় গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে বলে জানান মহাসড়ক পুলিশ কর্মকর্তা মিজানুর।

</div>  </p>