বাগেরহাটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বাগেরহাট সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন।
নিহত জাকির গাজী (৪০) রামপাল উপজেলার উলুবুনিয়া গ্রামের মৃত একরাম গাজীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, সকালে খুলনায় মাছ বিক্রি করে দুজনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রামপালে ফিরছিলেন জাকির। পথে মহাসড়কের ভট্টেরখামার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে জাকির গাজী ঘটনাস্থলেই মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
