বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সমাধি বেদীর পাশে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বাবার কবরের পাশে প্রধানমন্ত্রীকে এসময় শোকার্ত দেখাচ্ছিল।
প্রধানমন্ত্রীর পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, শাহজাহান খান ও আসম ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর সমাধি সৌধ কমপ্লেক্সে মিলাদ মাহফিলেও অংশ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বেলা সোয়া ১১ টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন। এরপর সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ অগাস্ট সরকারি ছুটির দিন। সরকারি কর্মসূচির পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কর্মসূচিতে দিনটি পালন করছে।
