২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে বরিশাল জামায়াতের আমিরসহ আটক ২০

শোক দিবসে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আমির মোয়াযযম হোসাইন হেলালসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 11:02 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ আলেকান্দা তোরাব আলী খান সড়কের একটি ভবন থেকে তারা আটক হন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করছেন- পুলিশের কাছে এমন খবর ছিল।

“তার ভিত্তিতে তোরাব আলী খান সড়কের মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চুর চাচা ডা. মাজেদ আলীর মালিকাধীন ‘ডাইরেক্টর কোয়াটার্স’ ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

এসময় সেখান থেকে ২২টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে জানান পুলিশ কমিশনার।

আমির ও নায়েবে আমির ছাড়া আটককৃতরা হলেন- মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক শাহ আলম, জামায়াতকর্মী ও চাখার সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, শিবপাশা দাখিল মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিন, কর্ণকাঠী মাদ্রাসার শিক্ষক আব্দুর রউফ, সাহেবের হাট মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন, আতাহার আলী কলেজের শিক্ষক মাহাবুব রহমান, চরবাড়িয়া সরকারি বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, কর্ণকাঠী হাইস্কুলের শিক্ষক শফিউল্লাহ তালুকদার, অবসরপ্রাপ্ত আর্মড পুলিশ সদস্য আবুল কালাম, মেডিকেল টেকনিশিয়ান আবুল কাসেম এবং সাইফুল ইসলাম, রাসেল, শামিম কবির, শাজাহান সিরাজ, আব্দুস সাত্তার ও রফিকুল ইসলাম।