২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরফিন রুমির মামলার অভিযোগ গঠন আগামী বছর

অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে গায়ক আরফিন রুমির বিরুদ্ধে করা প্রথম স্ত্রীর মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী বছর তারিখ দিয়েছে আদালত।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 08:21 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত বৃহস্পতিবার শুনানি শেষে আগামী ২৭ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ঠিক করে দেন। 

আরফিন রুমি ২০০৮ সালের ১৭ এপ্রিল লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেন। অনন্যার অভিযোগ, তার অনুমতি না নিয়ে ২০১২ সালের ২৪ অক্টোবর কামরুন্নেসাকে বিয়ে করেন এই গায়ক।

অনন্যার করা মামলায় গ্রেপ্তার হয়ে আরফিন রুমিকে কারাগারেও কয়েকদিন থাকতে হয়েছিল। পরে আবার তার জিম্মায় মুক্তি দেয়া হয় রুমিকে।

দ্বিতীয় বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল রুমিকে।  

অনন্যার অভিযোগ, বিয়ের পর থেকে তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চেয়ে আসছিলেন রুমি। যৌতুক না দিলে আবার বিয়ে করার হুমকি দিয়ে আসছিলেন তিনি।

সমঝোতার চেষ্টা চলছে বলে আদালতকে জানিয়ে অভিযোগ গঠন পেছাতে সময় চাওয়া হয় আরফিন রুমির পক্ষ থেকে।

এজলাসে থাকা অনন্যা তার বিরোধিতা করে বলেন, “আপস  হলে হবে। কিন্তু বিচার পেছালে আরফিন পিছলে যেতে পারে, ফাঁকি দিতে পারে।”

অনন্যার এই কথায় আসামির কাঠগড়ায় দাঁড়ানো আরফিন রুমির কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা করেন অনন্যা।

ওই মামলায় ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আরিফুর রহমান অভিযোগ গঠন করে আগামী ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।

আরফিন রুমির অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুই মামলাতেই সমঝোতার চেষ্টা চলছে।

পুরনো খবর:

প্রথম স্ত্রীর সঙ্গে সমঝোতার শেষ সুযোগ আরফিন রুমিকে
গ্রেপ্তার আরফিন রুমি কারাগারে