ট্রাকের গ্যাস সিলিন্ডারে ইয়াবা, গ্রেপ্তার ২
ট্রাকের গ্যাস সিলিন্ডারে ভরে পাচারের সময় চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ট্রাকচালক আবুল কাশেম (৪০) এবং তার সহকারী আলী হোসেন (৩১)। তারা দুজনেই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর প্রবেশমুখ কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে কাশেম ও আলী হোসেনকে আটক করা হয়।
"ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে আনতে চেয়েছিল তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গোপন সংবাদ পেয়ে মইজ্জ্যারটেক এলাকায় ট্রাকটি আটক করা হয়। এরপর সিলিন্ডারের ঝালাই কেটে তার ভেতর থেকে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
