চকরিয়ায় দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
বুধবার বিকালে উপজেলার হারবাং ইউনিয়নের ভাণ্ডারিডেবা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজিমউদ্দিন জানান।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তাবাদ এলাকার মনছুর আলীর ছেলে সরওয়ারউদ্দিন (২২), বরইতলী ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের কবির আহমদের ছেলে সালাহউদ্দিন (৩২) এবং বান্দরবান জেলার আলীকদমের শিলের তোয়া এলাকার আক্তার আহমদের মেয়ে ফারজানা (৪)।
এসআই নাজিম জানান, বিকাল ৫টার দিকে ভাণ্ডারিডেবা এলাকায় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা শাহ আমিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী সরওয়ার ও অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে সালাহউদ্দিন মারা যান। আর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেলে ফারজানার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত পাঁচ মাইক্রোবাস যাত্রী এবং বাসের পাঁচ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
