২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ ফলনশীল ‘সাথী’ চাষে কৃষকের হাসি

উচ্চ ফলনশীল জাতের ধান ‘সাথী’ চাষ করে কুড়িগ্রামের কৃষকদের মুখে হাসি ফুটেছে। তাই মঙ্গা পীড়িত এ জেলার কাঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামে এ শ্রাবণে চলছে যেন নতুন ধান তোলার উৎসব। 

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 09:47 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

কৃসকরা জানান, বোরো মৌসুমে বিআর-২৮ জাতের ধান কেটে লাগানো হযেছিল সাথী। সাথী কাটার পর এখন লাগানো হবে আমন ধান। একই জমি থেকে এক বছরে তিনটি ফসল তুলতে পেরে দারুন খুশি কৃষকরা।

এর ফলে কৃষকের পাশাপাশি উপকৃত হয়েছে কৃষি শ্রমিকরাও, কারণ তাদের হাতে এখন কাজ আছে। এদিকে গো-খাদ্যের উৎপাদন বেড়ে যাওয়ায় কৃষকদের কাছে সেটা হয়েছে বাড়তি যোগ।

এ উদ্যোগে সংশ্লিষ্টরা জানান, উচ্চ ফলনশীল সাথী ধানের একর প্রতি উৎপাদন হয়েছে ৮০ থেকে ৮৫ মণ।

এ গ্রামের কৃষক রজব আলী দুই বিঘা ও নাজমুল হক এক বিঘায় সাথী ধান চাষ করেন।

তারা জানান, মে মাসে বিআর-২৮ ধান কেটে সাথী ধান লাগান। বীজ তলা থেকে ধান কাটা পর্যন্ত সময় লেগেছে ১১৫/১২০ দিন। বিঘা প্রতি খরচ হয়েছে ৬/৭ হাজার টাকা। আর ধান পেয়েছেন ২৫/২৮ মন।

বর্তমান বাজার দর মণপ্রতি ৭০০ টাকা হিসাবে গড়ে লাভ থাকে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। পাশাপাশি গো-খাদ্যেরও সংকটও দূর হয়েছে। 

কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রতাপ গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামার বাড়ীর উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল নন্দন প্রামাণিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু প্রমুখ।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল নন্দন প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শস্য বিন্যাস অবলম্বন করে চাষিরা উন্নত বীজ ব্যবহার করায় একর প্রতি ফলন হয়েছে ৮০ থেকে ৮৫ মণ। এ ধান চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে কুড়িগ্রাম অঞ্চলের মঙ্গাকে জয় করা সম্ভব।

কুড়িগ্রাম খামারবাড়ীর উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষি বিভাগের সহযোগিতায় বিভিন্ন এনজিও পরিবেশ বান্ধব টেকসই প্রযুক্তির সম্প্রসারণে শস্য বহুমুখীকরণ এবং নতুন নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে।

এর ফলে জেলায় এ বছর এক হাজার ২৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আউশ ধান চাষ হয়েছে। ফলন হয়েছে বাম্পার।