তারেক মাসুদের প্রতি শ্রদ্ধা
নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামের বাড়িতে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে তার বাড়ির আঙিনায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনী।
তারেকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের চেয়ারপারসন ও তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও তাদের স্বজনেরা।
একই সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায়।
সন্ধ্যায় তার স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা, ভাঙ্গা কে এম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, তারেক মাসুদের ভাই সাইদ মাসুদ, তারেক মাসুদ ও মিশুক মনির স্মৃতি সংসদের এ্যাপোল নওরোজসহ বিশিষ্ট ব্যক্তিরা।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ঢাকায় ফিরছেলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাদের সহকর্মীরা।
দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ওই মাইক্রোবাসে থাকা পাঁচজন নিহত হন।
