২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ডাকাতের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ পুলিশ আহত

সুনামগঞ্জের ছাতকে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ ওসিসহ ১১ পুলিশ আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 12:41 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, বুধবার ভোরের দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বৌলাইখালি রাঙাটিকা এলাকায় এ ঘটনা ঘটে। 

ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সিসহ আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১১টি হাতবোমা, তিনটি গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইলিয়াস আলীর (৩৬) বিরুদ্ধে ছাতক থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসপি হারুন অর রশিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বৌলাইখালি রাঙাটিকা গ্রাম থেকে ডাকাত সর্দার ইলিয়াস আলীকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।”

এতে ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সিসহ ১১ পুলিশ আহত হন। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।