ভোলায় ৫০ হাজার মানুষ পানিবন্দি
পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে ভোলায় অন্তত ৫০ হাজার মানুষ পানবিন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার বিকালে এসব এলাকা প্লাবিত হয় বলে পানি উন্নয়ন র্বোড জানিয়েছে।
এলাকাগুলো হলো দৌলতখান উপজেলার হাজিপুর, মেদুয়া, মদনপুর, ভবানীপুর ও সৈয়দপুর, তজুমদ্দিনের সোনাপুর, মনপুরার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া, মনপুরা ও চরফ্যাশনের মাদ্রাস, আসলামপুর, হাজারীগঞ্জ, কুকরী-মুকরী ও ঢালচর ইউনিয়ন।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম জানান, মেঘনার পানি বিপদসীমার ৩ দশমিক ৬৪ মিটার উপরে প্রবাহিত হওয়ায় তৃতীয় দফায় এসব এলাকা প্লাবিত হয়েছে। তবে জোয়ার চলে গলে পানি নেমে যাবে।
তিনি বলেন, “প্রবল জোয়ারের কারণে ভোলা শহর রক্ষা বাঁধ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বাঁধের বেশকিছু স্থান জরাজীর্ণ থাকায় যেকোনো সময় ধসে যাওয়ার আশংকা রয়েছে।”
অন্তত ৭০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হওয়ায় সেখানকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলে তিনি জানান।
