২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘সিএলপি’র এক দশক উদযাপন

দশক পূর্তি করল প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার প্রকল্প কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম (সিএলপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 10:59 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

এই উপলক্ষে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘রাটগার্স ইউনিভার্সিটি’র রাটগার্স কুক ক্যাম্পাসে অনুষ্ঠানে দুই শতাধিক পেশাজীবী সপরিবারে অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ ‘প্রধান তথ্য কর্মকর্তার (সিআইও) তালিকাভুক্ত পরিতোষ বাজপাই, যিনি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিএন্ডটির ইনফরমেশন সার্ভিস বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বের উন্নয়ন-অগ্রগতির ওপর দীর্ঘ গবেষণার আলোকে সিএলপির বার্ষিক এই অনুষ্ঠানে বাজপাই বাংলাদেশের সম্ভাবনার কথা উপস্থাপন করেন।

সিএলপি’র বিভিন্ন উদ্যোগের উদাহরণ টেনে তিনি বলেন,  “বাংলাদেশে ১০ কোটি ৬০ লাখ মানুষ মোবাইল ফোনের গ্রাহক। ইন্টারনেট ব্যবহার করছেন ৩ কোটি ৮০ লাখ বাংলাদেশি। এভাবেই নিরব বিপ্লব চলছে গোটা বাংলাদেশে। আর এ বিপ্লবে শরিক হওয়া মানুষদের উৎসাহিত করছেন প্রবাসী বাংলাদেশিরাই।”

প্রবাসীদের সহায়তায় ১০ বছর আগে শুরু সিএলপি আওতায় এরই মধ্যে বাংলাদেশের ৫৬ জেলার ৮৫ হাজার শিক্ষার্থীকে কম্পিউটার চালানোর শিক্ষা দেয়া হয়েছে। এজন্য প্রত্যন্ত অঞ্চলের ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে ৩৫১টি সেন্টার।

সিলপি’র আওতায় তাদেরকে শিক্ষা দিতে প্রশিক্ষণ দেয়া হয়েছে ৫৮৮ জন শিক্ষককে যাদের ১৭ শতাংশ নারী। আর শিক্ষার্থীদের ৪৯ শতাংশই ছিলেন নারী।

দশম বর্ষপূর্তি অনুষ্ঠানের বক্তৃতায় ‘ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র সদস্য, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যে বয়সের ছেলে-মেয়েদের শিক্ষা প্রদানের মধ্য দিয়ে জাতির নেতৃত্ব প্রদানের পথে উপযোগী করা সম্ভব, ঠিক সে বয়েসি তথা হাই স্কুলের ছেলে-মেয়েরা প্রবাসীদের প্রচেষ্টায় ‘সিএলপি’র সংস্পর্শে আসছে।

“এটি সত্যি প্রশংসনীয়। আমি আশা করছি, সিএলপির এ চলার পথ থমকে দাঁড়াবে না।”

সিএলপির এই উদ্যোগ বাস্তবায়ন করতে প্রথম এগিয়ে আসে বাংলাদেশের গ্রামাঞ্চলের ইনফরমেশন টেকনোলজি সম্প্রসারণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডি-নেট’।

ডি-নেটকে উদ্বুদ্ধ করে ভ্যাব। এরপর প্রকল্পটিতে অগ্রগতি দেখে অর্থ সহায়তা দিয়েছে মাইক্রোসফট, ব্যাংক অফ এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বৃটিশ কাউন্সিল বাংলাদেশ, ইন্টেল, রিলিফ ইন্টারন্যাশনাল, সেন্ট্রনা কর্পোরেশন, ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন, নাবিক, স্পন্দনবিসহ বেশ ক’টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তি।

অনুষ্ঠানে সিএলপি জানায়, গত ১০ বছরে সিএলপি প্রকল্পের জন্যে প্রবাসীদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ১০৩ মার্কিন ডলার সহযোগিতা পাওয়া গেছে। এর মধ্যে ব্যয় হয়েছে মোট ৯ লাখ ১১ হাজার  ৮০৭ ডলার। এছাড়া সিএলপি তহবিলে ২ লাখ ৩৮ হাজার ৯০৪ ডলার রয়েছে।