২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাত

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডা কেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:48 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার শিরীন শারমিনের সঙ্গে দেখা করতে সুইডিশ রাষ্ট্রদূত সংসদ ভবনে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার সুইডেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সুইডেন বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সুইডেনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সাফল্য তুলে ধরে শিরীন শারমিন বলেন, “পারিবারিক সহিংসতা রোধে বাংলাদেশ আইন প্রণয়ন করে এবং সাফল্যজনক অর্জন করেছে। মানব উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। এটা সামজিক প্রগতির স্বাক্ষর।”

সুইডিশ রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।

এসময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইডেনের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, সবার জন্য স্বাস্থ্য এবং নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে প্রত্যন্ত এলাকায় সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু সংসদ-সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই তারা এসব কাজে সরাসরি ভূমিকা রাখলে এ চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে।