চকবাজারে কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর চকবাজারে একটি প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী আতাউর রহমান জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে দেবীদাস ঘাট এলাকায় সৌরভ কসমেটিকস নামের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে বলে চকবাজার থানার ওসি আজিজুল ইসলাম জানান।
তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে টিনশেড ওই কারখানায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
এতে কারখানার বেশ কিছু মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে জানান ওসি।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
