২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে আন্দোলনের মধ্যে শ্রমিক ছাঁটাই

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বেতন দাবিতে আন্দোলনের মধ্যে ২৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 04:58 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

কারখানা কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কর্মবিরতি করে বেরন এলাকার ইয়াগি বাংলাদেশ গামের্ন্টস লিমিটেডের শ্রমিকরা।

বকেয়া বেতন ও বিনা নোটিসে বরখাস্ত ২৫ সহকর্মীকে পুনর্বহালের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই বিক্ষোভ করে বলে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার প্রায় ৮০০ শ্রমিক গত শনিবার থেকে বিক্ষোভ করে আসছিল।

সোমবার সকালে কারখানার ফটকে ২৫ শ্রমিকের সাময়িক বরখাস্তের নোটিস দেখে তারা ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকরা জানায়, আন্দোলনে যারা নেতৃস্থানীয় ছিল তাদেরই বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন রাশেদা বেগম, আরজিনা বেগম, খুশি বেগম, লাকি আক্তার।

শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে প্রতি মাসের ৭ তারিখে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হত। কিন্তু কয়েক মাস ধরে বেতন পরিশোধ নিয়ে নানা টালবাহানা করছে কর্তৃপক্ষ। বিনা নোটিসে অভিযোগ ছাড়াই শ্রমিকদের চাকরিচ্যুত করেছে।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।