গাজা: কূটনৈতিক উদ্যোগ নিতে মন্ত্রিসভার নির্দেশ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান জানাতে কূটনৈতিক উদ্যোগ নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মন্ত্রিসভা আবারো গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে এ হত্যা ও ধংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
“ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দৃঢ় অবস্থানের আলোকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে মন্ত্রিসভা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।”
এর আগে গত ১৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকেও গাজায় হামলার নিন্দা জানানো হয়েছিল।
সচিব বলেন, “এটি মানবাধিকার লংঘনের একটি নিকৃষ্ট উদাহরণ, বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে, এটি খুবই নিন্দনীয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মন্ত্রিসভা ফিলিস্তিনি জনগণের সাথে আবারো সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ অতীতেও ফিলিস্তিনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ফিলিস্তিনি জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।”
‘ইন্টারন্যাশনাল ইয়ার অব সলিডারিটি ইউথ দ্য প্যালেসটাইনিয়ান পিপল’ উদযাপন উপলক্ষে গত মার্চে মিশরের কায়রোতে জাতিসংঘ ও আরব লীগের যৌথ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এদিন মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
হামাসের চালানো রকেট হামলা বন্ধ করার কথা বলে গত ৮ জুলাই থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে হামলা সর্বাত্মক রূপ পায়।
এক মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি।
