২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে উঁচুস্বরে কথা, ঠাকুরগাঁওয়ে যুবক খুন

ঠাকুরগাঁও সদরে মোবাইল ফোনে উঁচু স্বরে কথা বলার জের ধরে বাক্-বিতণ্ডার এক পর্যায়ে খুন হয়েছেন এক যুবক।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 12:07 AM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার রাত ৯টায় সদরের শান্তিনগর মহল্লার এ ঘটনায় নিহত হীরা (২৫) ওই এলাকারই নুরুল ইসলামের ছেলে বলে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানিয়েছেন।   

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “হীরাকে খুন করার পর তার ঘাতক বন্ধু জাকির (২৪) পালিয়েছে। খুনের ঘটনার পরে জাকিরের বাড়ির লোকজনও পালিয়ে গেছেন। জাকির একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। ”

শান্তিনগর এলাকার পৌর কমিশনার হামিদুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে সুমন নামে স্থানীয় এক ছেলে জাকিরদের বাড়ির সামনে মোবাইল ফোনে উঁচুস্বরে কথা বলছিল। জাকিরের মা তাকে বাড়ির সামনে শব্দ করে কথা বলতে নিষেধ করে।

তখন সুমন কিছুটা দূরে সরে গেলেও ৪/৫ মিনিট পরে আবার জাকিরের বাসার সামনে রাস্তার ওপর দাড়িয়ে উচ্চস্বরে মোবাইল ফোনে কথা বলতে থাকে। পুণরায় জাকিরের মা সুমনকে নিষেধ করলে সে ফোন রেখে জাকিরের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয়।

ঘটনা জানার পরে সুমনকে বাড়ির সামনে পেয়ে জাকির গালিগালাজ করে এবং তার মায়ের কাছে মাফ চাইতে বলে।

কিন্তু সুমন কথা না শুনে মোবাইলে তার বন্ধু হীরাকে ডেকে আনে। তারা দুজনেই জাকিরের সঙ্গে বিতণ্ডায় জড়ায় এবং ধস্তাধস্তি শুরু করে।

এক পর্যায়ে জাকির পাশের দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে এসে তা হীরার পেটে ও বুকে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই হীরা মারা যায়।

পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “মহল্লার লোকজন ক্ষিপ্ত হয়ে জাকিরের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। পরে পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”