২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নারী সহকর্মীর

ঢাকার নিম্ন আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ এনেছেন তার এক নারী সহকর্মী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এ ঘটনায় নজরুল ইসলাম নামে ওই আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন তিনি।

রোববার ঢাকা কোর্ট রিপোর্টার্স আসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওই নারী আইনজীবী।

তিনি বলেন, ২০১০ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের সময় নজরুলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়।

“এক পর্যায়ে নজরুল আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় সে সাভারে এক বন্ধুর বাসায় নিয়ে মৌলভী ডেকে মিথ্যা বিয়ের আয়োজন করে।

“এরপর আমি গর্ভবতী হয়ে পড়লে নজরুলকে বিষয়টি জানাই। সে আমাকে গর্ভপাতের পরামর্শ দেয়। কিন্তু একাধিক ডাক্তার গর্ভপাত ঝুঁকিপূর্ণ বিবেচনায় তা না করাতে চাইলে নজরুলের সুর পাল্টে যায়। বিয়ে ও সম্পর্কের কথা অস্বীকার করে।”

বর্তমানে তিনি আটমাসের অন্তঃসত্ত্বা জানিয়ে ওই নারী বলেন, নজরুলের প্রত্যাখ্যানের পর আদালতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

“কিন্তু মামলায় জামিন নিয়েই সে আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলারও হুমকি দিচ্ছে।”

এই পরিস্থিতিতে পরিবারও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে এক বান্ধবীর বাসায় থাকছেন।

“এ অবস্থা চলতে থাকলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না।”