২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মীর ইকবালের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, ইকবাল রোববার প্রসিকিউশন কার‌্যালয়ে এসে তার পদত্যাগপত্র জমা দেন।

টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মীর ইকবাল হোসেন অসুস্থ। তার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না বলে স্বেচ্ছায় প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন।”

পদত্যাগপত্রটি গ্রহণ করা হচ্ছে কি না জানতে চাইলে প্রধান প্রসিকিউটর বলেন, “তার ওপরে কোনো চাপ ছিলো না। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। যেহেতু স্বেচ্ছায় পদত্যাগপত্র দিয়েছেন, তা গ্রহণ করা হবে।”

মীর ইকবাল হোসেন মে মাসের পুরো সময় ছুটিতে ছিলেন। এরপর আর তিনি ট্রাইব্যুনালের কাজে যোগ দেননি বলে প্রসিকিউশন কার্যালয় থেকে জানা গেছে। 

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১২ সালের ২৯ এপ্রিল মীর ইকবাল হোসেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ মর‌্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল থেকে এ কে এম সাইফুল ইসলামকে সরিয়ে দেয়া হয়।