মানহানির মামলায় গিয়াস কাদেরের বিচার শুরু
আওয়ামী লীগনেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের করা মানহানির মামলায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হয়েছে।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে মামলায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতির বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
“তবে মামলার আরেক আসামি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা ইউনুস তালুকদারের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।”
আগামী ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে, বলেন আবুল হাশেম।
২০১৩ সালের ২৭ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সে সময়ের বন ও পরিবেশমন্ত্রী ডা. হাছান মাহমুদকে (বর্তমানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক) ‘দুর্নীতিবাজ’ বলেন।
ওই সংবাদ সম্মেলনে গিয়াস কাদের অভিযোগ করেন, জলবায়ু তহবিলের টাকা বিভিন্ন এনজিও সৃষ্টি করে হাছান মাহমুদ নিজেই আত্মসাৎ করেছেন।
পরে ওই বছরের ৩০ জুলাই হাছান মাহমুদের পক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া মানহানির মামলা করেন।
গিয়াস কাদের যুদ্ধাপরাধের দায়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।
